ভারত থেকে আসা প্রমোদতরী চিলমারী বন্দরে
প্রমোদতরীতে ২৭ জন নাবিক এবং ১১ জন পর্যটক রয়েছেন। পর্যটকদের মধ্যে চার জন ভারতীয় এবং সাত জন যুক্তরাজ্যের নাগরিক।
ভারতের কলকাতা থেকে ছেড়ে আসা পর্যটকবাহী বিলাসবহুল প্রমোদতরী এমভি চরাডিউ-টু কুড়িগ্রামের চিলমারী নৌ বন্দরে পৌঁছেছে। সেটি দেখতে উৎসুক জনতা ভিড় করছে ব্রহ্মপুত্র নদের তীরে।
রোববার সকালে চিলমারী নৌ বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা মাহবুব রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, “পর্যটকরা সকালে রংপুরে ইমিগ্রেশন কাজ শেষ করে জমিদার বাড়িসহ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবেন। সেখান থেকে ফিরে রাতেই ভারতের ধুবড়ির উদ্দেশে আবার যাত্রা শুরু করবে।”
এর আগে পর্যটকরা ঢাকা, নারায়ণগঞ্জ, মাওয়া, পাটুরিয়া, ধামরাইয়ের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন।
এমভি চরাডিউ-টু গত ২ অক্টোবর ভারতের কলকাতা থেকে যাত্রা শুরু করে। দেশটির নামখানা, হিমনগর, শেখবাড়িয়া হয়ে বাংলাদেশের মোংলা, বরিশাল, বদ্দের বাজার, মাওয়া, পাটুরিয়া, কাউলিয়া আপস্ট্রিম, চন্দনা বৈশ্ব্য, চিলমারী হয়ে আবারও ভারতে ঢুকবে সেটি। আগামী ২০ অক্টোবর শেষ হবে এই ভ্রমণ।
প্রমোদতরীতে ২৭ জন নাবিক এবং ১১ জন পর্যটক রয়েছেন। পর্যটকদের মধ্যে চার জন ভারতীয় এবং সাত জন যুক্তরাজ্যের নাগরিক।
চিলমারী থানার ওসি হারেসুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চিলমারীতে আসা বিদেশিদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আমাদের পুলিশ এবং নৌ পুলিশের মাধ্যমে ২৪ ঘণ্টা নিরাপত্তা দেওয়া হচ্ছে। বৈশ্বিক পরিস্থিতি এবং নির্বাচনকালীন সময় বিবেচনা করেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
