‘নৌকার পক্ষে প্রচার’, সিরাজগঞ্জে দুই সরকারি কর্মচারীকে তলব
২৮ ডিসেম্বর তাদেরকে সশরীরে আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
আচরণবিধি লঙ্ঘন করে নৌকার প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার অভিযোগে সিরাজগঞ্জের দুই সরকারি কর্মচারীকে তলব করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের হিসাব করণিক ইমন আলী এবং বেলকুচি উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী আব্দুল হাকিমের বিরুদ্ধে ওই অভিযোগ উঠেছে।
সোমবার বিকালে বেলকুচি ও চৌহালী নিয়ে গঠিত সিরাজগঞ্জ-৫ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির কর্মকর্তা ও শাহজাদপুর আদালতের জ্যেষ্ঠ সহকারী জজ মো. সোহেল রানা স্বাক্ষরিত পৃথক নোটিশে এ আদেশ দেওয়া হয় বলে জানান ওই আদালতের সেরেস্তাদার মোহাম্মদ আমিরুল মোমেন খান।
উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী আব্দুল হাকিমের নোটিশের বলা হয়, তিনি সরকারি চাকরিজীবী হয়েও নিজে নৌকা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেছেন। এ ছাড়া নৌকার প্রার্থী আব্দুল মমিন মণ্ডলকে ভোট না দিলে বিভিন্ন ভাতা ভোগীদের কার্ড বন্ধ এবং বাতিলের হুমকি দিয়েছেন তিনি।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের হিসাব করণিক ইমন আলীর নোটিশে বলা হয়, তিনি সরকারি চাকরিজীবী হয়েও এক নির্বাচনি সভায় দেওয়া বক্তব্যে বলেছেন- “নৌকার জোয়ার দেখে এবং মমিন মণ্ডলের নির্বাচনি সভা দেখে সবার মাথা নষ্ট হয়ে গেছে। আমার নামে অভিযোগ দিয়েও কোনো লাভ হবে না।”
এসব বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। উপর্যুক্ত কার্যক্রম নির্বাচনি অধিক্ষেত্রের গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৩ এবং ৮৪ (ক) এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ধারা ১৪ এর লঙ্ঘন মর্মে প্রতীয়মান হয়েছে।
এ কারণে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে নোটিশকারীরা ২৮ ডিসেম্বর আদালতে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
