রাজবাড়ীতে ক্রিস্টাল মেথসহ যুবক গ্রেপ্তার
রাব্বি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তার দাবি।
রাজবাড়ী সদর উপজেলা থেকে ১৪ গ্রাম ক্রিস্টাল মেথসহ এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার দুপুরে শহরের সজ্জনকান্দা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তানভীর হোসেন খান জানান।
গ্রেপ্তার ৩১ বছর বয়সী এ কে এম ফজলে রাব্বি ফরিদপুর কোতোয়ালি থানার পশ্চিম পশরা গ্রামের মইনুদ্দিন মোল্লার ছেলে।
তানভীর হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন খবর পেয়ে সজ্জনকান্দার বড় মসজিদের পেছনে একটি বাসায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
“অভিযানে রাব্বির ঘর থেকে এক লাখ ৪০ হাজার টাকা মূল্যের ১০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। রাব্বি দীর্ঘদিন ধরে মাদকব্যবসার সঙ্গে জড়িত।”
প্রথমবার রাজবাড়ীতে আইসের চালান এনেছেন রাব্বি; এলাকায় মাদক ছড়িয়ে দেওয়া তার লক্ষ্য বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ কর্মকর্তা।
রাব্বির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তানভীর হোসেন খান।
