Published : 10 Oct 2023, 04:11 PM
নোয়াখালীর কবিরহাট উপজেলায় ম্যাজিস্ট্রেট ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তার পরিচয় দিয়ে চাঁদাবাজির সময় দুই যুবককে গণপিটুনির পর পুলিশে দিয়েছে স্থানীয়রা।
সোমবার রাতে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রাম বাজার থেকে তাদের আটক করা হয় বলে জানান কবিরহাট থানার ওসি মো. রফিকুল ইসলাম।
গ্রেপ্তার দুই যুবক হলেন- নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মফিজ উল্যার ছেলে গোলাম মোস্তফা বুলবুল (৪৪) ও চৌমুহনী পৌরসভার হাজীপুরের মো. শাহজাহানের ছেলে রিয়াজুল ইসলাম সোহাগ (৩৮)।
তাদের কাছ থেকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জাল পরিচয়পত্রসহ দৈনিক পত্রিকার চারটি পরিচয়পত্র উদ্ধার করেছে পুলিশ।
ওসি রফিকুল জানান, বুলবুল ও সোহাগ সোমবার সন্ধ্যায় নিজেদেরকে ম্যাজিস্ট্রেট ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা পরিচয়ে উপজেলার নবগ্রাম বাজারে যান।
তারা ওই বাজারের সারের ডিলার সহিদ উল্লাহর দোকানে গিয়ে নানা রকম জেরা করতে থাকেন। বেশি দামে সার বিক্রির অভিযোগে তারা সহিদের কাছে ৬০ হাজার টাকা দাবি করেন।

এ সময় তাদের কথাবার্তা সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন জড়ো হয়ে তাদের পরিচয়পত্র দেখতে চান। তারা পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হলে লোকজন তাদেরকে গণপিটুনির পর থানায় খবর দেন।
স্থানীয়রা জানান, আটক দুই যুবক গত কয়েক মাসে সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার মাধ্যমে ১৫/২০ জন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায় করেছে।
আটকদের বিরুদ্ধে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে হাজির করা হয় বলে জানান ওসি।