উপজেলার পর কুমিল্লা জেলাতেও প্রাথমিকে শ্রেষ্ঠ শিক্ষক সোনিয়া সরকার
শিক্ষকতার পাশাপাশি তিনি জেলা ওয়ারেন্ট গাইডার ও বিভাগীয় পর্যায়ে ‘হলদে পাখি গার্লস গাইড’ প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন কুমিল্লা নগরীর বাগিচাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোনিয়া সরকার নিপা।
কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনছুর আলী চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে তাকে জেলার শ্রেষ্ঠ গুণী শ্রেণি শিক্ষক হিসেবে মনোনীত করা হয়।
এর আগে ২০ সেপ্টেম্বর আদর্শ সদর উপজেলা পর্যায়েও শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হন তিনি।
সোনিয়া সরকার নিপা মুরাদনগর উপজেলার আমপাল গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। ২০১৩ সালে আমপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে তার কর্মজীবন শুরু হয়। পরবর্তীতে ২০১৯ সালে তিনি বাগিচাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন।
শিক্ষকতার পাশাপাশি তিনি জেলা ওয়ারেন্ট গাইডার ও বিভাগীয় পর্যায়ে ‘হলদে পাখি গার্লস গাইড’ প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এক প্রতিক্রিয়ায় সোনিয়া সরকার নিপা বলেন, “যেকোনো কাজের স্বীকৃতি কাজের গতিকে আরও বাড়িয়ে দেয়। শ্রেষ্ঠ শিক্ষক হতে পেরে আজ সত্যিই সম্মানিত ও গর্বিত অনুভব করছি। এখন আমার লক্ষ্য বিভাগীয় পর্যায়ে কুমিল্লা জেলার প্রতিনিধিত্ব করা।”
এ অর্জনের জন্য তিনি তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
