রাজবাড়ীতে বাবার লাঠির আঘাতে তরুণী নিহত
পারিবারিক কলহের জেরে মেয়ে পাখিকে লাঠি দিয়ে আঘাত করেন তার বাবা।
রাজবাড়ীতে পাংশা উপজেলায় পারিবারিক কলহের জেরে বাবার লাঠির আঘাতে এক তরুণী নিহতের অভিযোগ উঠেছে।
বুধবার রাতে উপজেলার মৌরাট ইউনিয়নের তেলেগাতি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান পাংশা মডেল থানার ওসি স্বপন কুমার মজুমদার।
নিহত পাখিলা আক্তার পাখি (১৮) ওই গ্রামের কালাম মিয়ার মেয়ে।
পরিবারের সদস্যদের বরাতে ওসি স্বপন বলেন, বুধবার রাতে পারিবারিক কলহের জেরে মেয়ে পাখিকে একটি লাঠি দিয়ে আঘাত করেন তার বাবা। এতে তিনি গুরুতর আহত হলে তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরিবারের অন্য সদস্যরা। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, এ ঘটনায় নিহতের বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
