লাউয়াছড়ায় ‘পাহাড়িকা এক্সপ্রেসের’ বগি বিচ্ছিন্ন: ৩ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
“প্রায় তিন ঘণ্টার চেষ্টায় বিকাল ৫টা ২০ মিনিটের দিকে বগিগুলোর সংযোগ হুক লাগানো সম্ভব হয়।”
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনের সঙ্গে বগির সংযোগ হুক ছিঁড়ে বগি বিচ্ছিন্ন হয়ে গেছে।
এতে সিলেটের সঙ্গে চট্টগ্রাম ও ঢাকার রেল যোগাযোগ প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল।
শুক্রবার বেলা ১টা ১৫ মিনিটের দিকে সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস লাউয়াছড়ার মাগুরছড়া এলাকায় এলাকায় পৌঁছালে এ ঘটনা ঘটে।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শিপলু সূত্রধর বলেন, “প্রায় তিন ঘণ্টার চেষ্টায় বিকাল ৫টা ২০ মিনিটের দিকে বগিগুলোর সংযোগ হুক লাগানো সম্ভব হয়।
“পরে ট্রেনটি শ্রীমঙ্গলের উদ্দেশে ছেড়ে যায়। সেখানে পৌঁছানোর পর আরও কিছু কাজ করা হবে।”
তিনি বলেন, “ট্রেনটির মাঝখানে সংযোগ বিচ্ছিন্ন হয়ে সামনের সাতটি বগি নিয়ে ইঞ্জিন এগিয়ে যায়। এ সময় পেছনের নয়টি বগি মাগুরছড়া এলাকায় রয়ে যায়।
“কয়েক কিলোমিটার এগিয়ে যাওয়ার পর পেছনের বগিগুলো বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি রেল বিভাগের সংশ্লিষ্ট কর্মীরা জানতে পারলে ট্রেনটি পেছনে নেওয়া হয়। পরে সংযোগ হুক মেরামতের কাজ শুরু হয়।”
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বলেন, লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেস আটকে পড়ায় ওই পথে অন্য ট্রেন চলাচলও বন্ধ ছিল।
শমশেরনগর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রজত রায় বলছেন, “পাহাড়িকা এক্সপ্রেস আটকে পড়ায় ভানুগাছ স্টেশনে জয়ন্তিকা এক্সপ্রেস এবং শ্রীমঙ্গলে সিলেটগামী আরেকটি পাহাড়িকা এক্সপ্রেস আটকা পড়ে।
এ ঘটনায় বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকে পড়ায় যাত্রীরা দুর্ভোগে পড়েন। বিশেষ করে চট্টগ্রামগামী যাত্রীরা বেশি ভোগান্তিতে পড়েন বলে জানান তিনি।
