Published : 17 Jun 2023, 10:50 PM
রাজশাহীর উন্নয়নের ধারা চলমান রাখতে এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে নৌকা মার্কায় ভোট দিতে নগরবাসীকে আহ্বান জানিয়েছেন সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
শনিবার বিকালে নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের পশ্চিম বুধপাড়া ও বিনোদপুর বাজারে গণসংযোগ করেন তিনি। এ সময় পথসভায় দেওয়া বক্তব্যে ভোটারদের কাছে নৌকায় ভোট দিয়ে তাকে জয়ী করতে অনুরোধ জানান।
খায়রুজ্জামান লিটন বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীর উন্নয়নে ২০১৯ সালে ২৭০০ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দেন। সেই প্রকল্পের মধ্যে ১২০০ কোটি টাকার উন্নয়ন করা সম্ভব হয়েছে। প্রশস্ত রাস্তা, ড্রেন, আলোকায়ন, স্কুল-কলেজ, গোরস্থান, ঈদগাহ, শশ্মাণঘাট ইত্যাদি অবকাঠামো ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে।
“করোনাভাইরাস মহামারী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ডলারের দাম বৃদ্ধি ইত্যাদি কারণে সময়ের অভাবে অনেক কাজ করা যায়নি। ওই প্রকল্পের আরও ১৫০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। পিছিয়ে পড়া রাজশাহীর মানুষের ভাগ্যের কল্যাণে বাকি কাজগুলো করতে চাই।”
এবার নির্বাচনী ইশতেহারে কর্মসংস্থানকে এক নম্বরে রেখেছেন জানিয়ে এই প্রার্থী বলেন, “কর্মসংস্থান সৃষ্টির জন্য বন্ধ থাকা সরকারি কারখানাগুলো চালুর চেষ্টা করব। সেগুলো চালু করতে না পারলে বেসরকারি উদ্যোগে শিল্প-কারখানা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।”
মেয়র হলে বিসিক শিল্প নগরী-২ এ দেশের শিল্পপতিদের আকৃষ্ট করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প-কারখানা গড়ে তোলা হবে বলে জানান তিনি।
এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদকে কৃষি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হবে বলে জানান লিটন। তিনি বলেন, “এর ফলে সেখানে কৃষি উপর নানা রকম গবেষণামূলক কাজ হবে, অনেকের কর্মসংস্থানও হবে।”
রাজশাহী শহরের আয়তন কয়েক গুণ বৃদ্ধির পরিকল্পনা রয়েছে জানিয়ে তিনি বলেন, “সবাইকে সঙ্গে নিয়ে উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বিভাগীয় শহর রাজশাহীকে আরও বেশি প্রাণবন্ত, আরও সবুজ নির্মল, পরিচ্ছন্ন, শিক্ষা ও কর্মমুখর নগরী হিসেবে গড়ে তুলতে চাই।”
নির্বাচনের দিন ভোটারদের সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে খায়রুজ্জামান লিটন বলেন, “আপনারা সবাই শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট দেবেন। যত বেশি ভোটের ব্যবধানে আমাকে বিজয়ী করবেন, উন্নয়নের জন্য তত বেশি অর্থ বরাদ্দ আনতে পারব।”
পথসভায় উপস্থিত ছিলেন- জাতীয় দলের সাবেক খেলোয়াড় আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল, সহসভাপতি নওশের আলী, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. এফ এম এ জাহিদ, সদস্য জহির উদ্দিন তেতু, জাসদ রাজশাহী মহানগরের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, জাতীয় দলের সাবেক ফুটবলার জাতীয় পদকপ্রাপ্ত খেলোয়াড় আসলাম শেখ, আবদুল গাফফার, ইমতিয়াজ সুলতান জনি, মতিহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন, ৩০ নম্বর ওয়ার্ড উত্তর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ রাব্বিল, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান।