১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বাঘাইছড়িতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যার খবর

শনিবার রাতে উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের বোধিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2024, 11:05 AM

Updated : 25 Feb 2024, 11:16 AM

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের এক সদস্যকে গুলি করে হত্যার খবর পাওয়া গেছে।

শনিবার রাতে উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের বোধিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বাঘাইছড়ি থানার ওসি ইশতিয়াক আহমেদ রোববার সকালে বলেন, “এই ধরনের ঘটনার কথা আমরা শুনেছি। সারারাত আমরা তল্লাশি চালিয়েছি। কোনো লাশ পাওয়া যায়নি। সকাল থেকে আবার তল্লাশি শুরু করেছি। বাকিটা নিশ্চিত হওয়া সাপেক্ষে বলতে পারব।”

নিহত ব্যক্তির নাম নিপুণ চাকমা বলে জানিয়েছে প্রসীত খিসার নেতৃত্বাধীন ইউপিডিএফ।

এদিকে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে রোববার বাঘাইছড়ি উপজেলায় আধাবেলা অবরোধ পালন করেছে ইউপিডিএফ। এ সময় উপজেলার বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে কর্মীরা।

স্থানীয়রা জানিয়েছে, রাতে বোধিপুর এলাকায় একটি গানের অনুষ্ঠান চলছিল। সেখানে দাঁড়িয়ে কথা বলছিলেন নিপুণ চাকমাসহ কয়েকজন ইপিডিএফ কর্মী। এ সময় মোটরসাইকেলে কয়েক যুবক এসে ব্রাশফায়ার করে। এতে ঘটনাস্থলেই নিপুণ চাকমা ওরফে চেগা নিহত হন।

হত্যাকাণ্ডের জন্য পাহাড়ের আরেক সংগঠন জেএসএস-এমএন লারমাকে দায়ী করেছেন ইউপিডিএফের বঙ্গলতলী ইউনিয়নের সমন্বয়ক আর্জেন্ট চাকমা। তিনি ঘটনার সুষ্ঠু বিচার ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

তবে অভিযোগ অস্বীকার করে জেএসএস-এমএন লারমার বাঘাইছড়ি উপজেলা সভাপতি জ্ঞানজীব চাকমা বলেন, “এর সঙ্গে আমাদের সংগঠন কোনোভাবেই জড়িত নয়। তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এটা ঘটতে পারে।”

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে পাহাড়িদের বিভিন্ন পেইজে নিহত নিপুণ চাকমা পরিচয়ে একজনের মরদেহের ছবি ছড়িয়ে পড়তে দেখা গেছে।

এর আগে ৪ ফেব্রুয়ারি সাজেকের মাচালং ব্রিজ পাড়ায় ইউপিডিএফের সদস্য দীপায়ন চাকমা ও আশিষ চাকমাকে গুলি করে হত্যা করা হয়।