২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

আমেরিকা-ব্রিটিশদের তাবেদারি করে না আওয়ামী লীগ: পরিকল্পনামন্ত্রী

“যতই বিদেশিদের কাছে গিয়ে কান্নাকাটি করুন না কেন তারা ক্ষমতার বসাতে পারবে না”, বিএনপির উদ্দেশে বলেন এম এ মান্নান।

আমেরিকা-ব্রিটিশদের তাবেদারি করে না আওয়ামী লীগ: পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর পয়েন্টে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

সুনামগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2023, 11:57 PM

Updated : 26 Oct 2023, 11:57 PM

আওয়ামী লীগ আমেরিকা ও ব্রিটিশদের তাবেদারি করে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেছেন, “স্বাধীন দেশের মানুষ হিসেবে আমরা সম্মান ও গৌরবের সঙ্গে বসবাস করতে চাই। তবে আমাদের দেশের একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য বিদেশিদের কাছে গিয়ে মায়াকান্না করছে। এটি বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জার।”

বৃহস্পতিবার বিকালে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর পয়েন্টে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিএনপির দিকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, “যতই বিদেশিদের কাছে গিয়ে কান্নাকাটি করুন না কেন তারা ক্ষমতার বসাতে পারবে না। জনগণের ভোটেই ক্ষমতার যেতে হবে। তাই নির্বাচনে আসুন।

“দেশের মানুষ সাংবিধানিক বিধি অনুযায়ী নির্বাচন চায়; কোনো বিশৃঙ্খলা চায় না। আর বিশৃঙ্খলা করলে কঠোরভাবে দমন করা হবে।”

এম এ মান্নান আরও বলেন, “পাকিস্তানি হানাদার বাহিনীদের কাছ থেকে দেশকে স্বাধীন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর তার মেয়ে শেখ হাসিনা দেশের মানুষের জীবনযাত্রার মান বদলে দিয়েছেন।

“জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন শেখ হাসিনাকে মেনে নিয়ে তার কাছ থেকে উন্নয়নের গল্প শুনতে চায়। গ্রামের মানুষও শেখ হাসিনাকে চায়। আর আওয়ামী লীগ উন্নয়ন ও শান্তি চায়।”

সমাবেশে অন্যদের মধ্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সিদ্দিক আহমেদ, সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিতেন্দ্র তালুকদার পিন্টু, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বিজু, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাদাত মান্নান ও সাধারণ সম্পাদক হাসনাত হোসাইন বক্তব্য দেন।

এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত শান্তিগঞ্জ উপজেলায় একাধিক উন্নয়ন সভা ও আলোচনা সভায় বক্তব্য দেন মন্ত্রী।