বরগুনায় স্কুলছাত্রীকে পিটিয়ে দাঁত ভেঙে দেওয়ার প্রধান আসামি গ্রেপ্তার
এতে এলোপাতাড়ি মারধরে মেয়েটির তিনটি দাঁত ভেঙে যায় এবং সে গুরুতর আহত হয়।
বরগুনার বেতাগী উপজেলায় পঞ্চম শ্রেণীর এক স্কুলছাত্রীকে মারধর করে তিনটি দাঁত ভেঙে দেয়ার ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি।
রোববার দুপুরে বরগুনা সদর থানার পুরাকাটা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন এসআরবি-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. রাশেদুল আহসান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিকটিম ও আসামি ফয়সাল একই এলাকার বাসিন্দা ও দূর সম্পর্কের আত্মীয়। ফয়সাল দীর্ঘদিন ধরে ওই স্কুলছাত্রীকে পথে-ঘাটে উত্ত্যক্তসহ কু-প্রস্তাব দিয়ে আসছিল।
ঘটনার দিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে ৬১ নম্বর গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের কোণে ওৎ পেতে থাকা ফয়সাল ও তার সহযোগীরা ওই ছাত্রীর ওপর অতর্কিত হামলা চালান। এলোপাতাড়ি মারধরে তার তিনটি দাঁত ভেঙে যায় এবং তিনি গুরুতর আহত হন।
এ সময় মেয়েটির চিৎকারে সহপাঠী ও স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে বেতাগী থানায় মামলা করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনার পর থেকে আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে আত্মগোপনে চলে যায় এবং প্রতিনিয়ত অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। তবে ঘটনার পর থেকেই এসআরবি-৮ ছায়া তদন্ত শুরু করে।
অবশেষে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রধান আসামি ফয়সালের অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৮ এর কোম্পানি অধিনায়ক রাশেদুল বলেন, গ্রেপ্তার আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
