কিশোরগঞ্জে জলমহাল নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ২৫
অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রামের আখড়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় জলমহাল নিয়ে বিরোধকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষেন ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।
শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার পূর্ব অষ্টগ্রামের আখড়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন অষ্টগ্রাম থানার ওসি মোহাম্মদ রোকনুজ্জামান।
আহতরা অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে গুরুতর চারজনকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিলমাকশা জলমহালের দখল নিয়ে বেশ কিছুদিন ধরে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমদের সঙ্গে উপজেলা সাংগঠনিক সম্পাদক এস এম শাহিনের পক্ষের লোকজনের বিরোধ চলছিল।
এরই জেরে দুপুরে উভয়পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) আমিনুল ইসলাম বলেন, এখন পর্যন্ত হাসপাতালে ২৫ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি রয়েছেন এবং গুরুতর চারজনকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি রোকনুজ্জামান জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে চাইলে অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম শাহিন অভিযোগ করে বলেন, বিলমাকশা জলমহালটি গত বছর তিনি ইজারা নিয়েছিলেন। এবারও সর্বোচ্চ দরদাতা হলেও উপজেলা বিএনপির সভাপতি তাকে বিভিন্নভাবে বাধা দিচ্ছেন।
“আইনি প্রক্রিয়ায় ব্যর্থ হয়ে জলমহালটি লুটপাটের জন্য স্থানীয় সাধারণ মানুষকে উসকে দিচ্ছেন সাঈদ আহমদ। আজকে আমার অনুসারীদের ওপর হামলা চালানো হয়েছে”, বলেন তিনি।
তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমদ। তিনি বলেন, “শাহিনের সমর্থকেরাই প্রথমে আমার লোকজনের ওপর হামলা চালিয়েছে।”
