১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে দুই শিশুকে পুড়িয়ে হত্যা: নারী-পুরুষ গ্রেপ্তার

“দুর্বৃত্তরা শহিদুলের পুরো পরিবারকে পুড়িয়ে হত্যার পরিকল্পনা করে।”

ফেনীতে দুই শিশুকে পুড়িয়ে হত্যা: নারী-পুরুষ গ্রেপ্তার

ফেনীতে দুই শিশুকে পুড়িয়ে হত্যার মামলায় গ্রেপ্তার আব্দুল আজিম (বায়ে) এবং মায়া বেগম।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2023, 06:41 PM

Updated : 07 Oct 2023, 06:41 PM

ফেনীতে ঘরে আগুন দিয়ে দুই শিশুকে পুড়িয়ে হত্যার মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার মধ্যরাতে ছাগলনাইয়া উপজেলা ও ফেনী শহর থেকে দুজনকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান।

গ্রেপ্তাররা হলেন- ছাগলনাইয়ার পশ্চিম মধুগ্রাম এলাকার আব্দুল আজিম (৪৫) এবং ফেনী পৌরসভার মধ্যম বিরিঞ্চি এলাকার মায়া বেগম (৪০)।

৩ অক্টোবর রাতে মধ্যম বিরিঞ্চি এলাকায় ফকিরবাড়ির শহিদুল ইসলামের ঘরে পেট্রোল ঢেলে আগুন দিলে তার দুই ছেলে মাহিদুল ইসলাম শাহাদাত (১৩) এবং তানজিদুল ইসলাম গোলাপ (৬) পুড়ে নিহত হয়।

এ ঘটনায় শহিদুল বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৬-৭ জনকে আসামি করে ফেনী মডেল থানায় হত্যা মামলা করেন। মামলায় আব্দুল আজিমকে প্রধান আসামি করা হয়।

শনিবার র‌্যাব জানায়, সম্পত্তি নিয়ে শহিদুলের সঙ্গে তার এক প্রতিবেশীর বিরোধ চলছে। এর জেরে ৩০ সেপ্টেম্বর পারিবারিক কবরস্থানে একজনকে দাফন করা নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।

এর জেরে দুর্বৃত্তরা শহিদুলের পুরো পরিবারকে পুড়িয়ে হত্যার পরিকল্পনা করে। এর অংশ হিসেবে গভীর রাতে তারা শহিদুলের ঘরে আগুন দেয় এবং বাইরে থেকে দরজা আটকে দেয়। আগুনে শহিদুল ও তার স্ত্রী বের হতে পারলেও তাদের দুই ছেলে নিহত হয়।

স্কোয়াড্রন লিডার সাদেকুল বলেন, গ্রেপ্তার এড়াতে তারা বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। তাদেরকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।