১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

১৪ দল ছাড়া কারো সঙ্গে আসন ভাগাভাগির সুযোগ নেই: হানিফ

"যে এলাকায় নাশকতা হবে সেই এলাকার বিএনপি নেতাদের এর দায়ভার বহন করতে হবে।”

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2023, 04:28 PM

Updated : 09 Dec 2023, 05:04 PM

আওয়ামী লীগ ১৪ দলীয় জোটেই নির্বাচন করবে; এর বাইরে অন্য কোনো দলের সঙ্গে আসন ভাগাভাগির সুযোগ নেই বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ।

শনিবার দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শহর ও সদর কমিটির বর্ধিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, “নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। নাশকতা যেগুলো হচ্ছে সেটা বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনী এরমধ্যে শক্ত পদক্ষেপ নিচ্ছে।”

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, “যে এলাকায় নাশকতা হবে সেই এলাকার বিএনপি নেতাদের এর দায়ভার বহন করতে হবে।

“নাশকতা করলেই তাকে আইনের আওতায় আসতে হবে। আশা করছি দুই একটি কঠোর পদক্ষেপ নিলেই এই চোরাগোপ্তা নাশকতা বন্ধ হয়ে যাবে। ”

বিএনপির বিষয়ের হানিফ বলেন, “বিএনপি এখন বাস ট্রাকে আগুন দিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চাচ্ছে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড করে তারা মূলত আরও জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। বার বার সরকার পতনের কথা বলে বিএনপি নেতাকর্মীদের উজ্জীবিত করে রাখতে চায় “

 তিনি বলেন, “নিষেধাজ্ঞা নিয়ে স্বপ্ন দেখছে বিএনপি, তারা ভাবছে কোনো বিদেশি প্রভু তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। বিএনপির একটি গুজব সেল আছে এদের কাজই হলো গুজব সৃষ্টি করা। এগুলোর কোনো ভিত্তি নেই।”

সভায় আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী ও অন্যান্য নেতাকর্মীরা।