জয়পুরহাটে কেনা সম্পত্তির দখল নিতে গিয়ে খুন হলেন বৃদ্ধ
প্রতিপক্ষের গাছের ডালের আঘাতে তার মৃত্যু হয় বলে জানান ওসি।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় কেনা সম্পত্তির দখল নিতে গিয়ে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ খুন হয়েছেন।
রোববার সকালে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান পাঁচবিবি থানার ওসি জাহিদুল হক।
নিহত সোনা মিয়া (৬৫) উপজেলার পাড়ইল গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনদের বরাত দিয়ে ওসি বলেন, “শনিবার বিকালে সোনা মিয়া তার কেনা সম্পত্তির দখল নিতে পাশের গ্রাম কড়িয়ায় যান। এ সময় ওই সম্পত্তির দাবি করা প্রতিপক্ষ সমসাবাদ গ্রামের মজিবর রহমান, বুদুন মিয়া ও হাফিজুর রহমানের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়।
“একপর্যায়ে গাছের ডাল দিয়ে সোনা মিয়ার মাথায় আঘাত করা হয়। স্থানীয়রা আহত অবস্থায় সোনা মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।”
তিনি আরও বলেন, “অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোনা মিয়ার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
এ ঘটনায় নিহতের ছেলে মাহবুবুর রহমান বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
