কুয়াশার মধ্যে কভার্ডভ্যান চাপায় নিহত টোল আদায়কারী
ভোরে সড়কে গাড়ি থেকে টোল আদায় করছিলেন তিনি।
মাগুরা সদর উপজেলায় এক ব্যক্তির প্রাণ গেছে কভার্ডভ্যান চাপায়।
উপজেলার লক্ষ্মীকান্দর এলাকায় মঙ্গলবার ভোরে এ দুঘর্টনা ঘটে বলে মাগুরা হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর গৌতম কুমার মণ্ডল জানান।
নিহত ৩২ বছর বয়সী মোমিন ব্যাপারী ভায়না দক্ষিণপাড়া এলাকার মকছেদ ব্যাপারীর ছেলে। তিনি এলাকায় গাড়ি থেকে টোল আদায়ের কাজ করতেন।
ইন্সপেক্টর বলেন, “ভোরে ঘন কুয়াশার মধ্যে সড়কে গাড়ি থেকে টোল আদায় করছিলেন মোমিন। এ সময় মাগুরা থেকে ফরিদপুরগামী একটি কভার্ডভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
“স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
দুর্ঘটনার পর কভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে বলে জানান গৌতম।
