০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

বিমানবন্দরে গ্রেপ্তার দুই স্বেচ্ছাসেবক লীগ নেতা

পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Oct 2026, 08:54 PM

Updated : 02 Oct 2026, 08:57 PM

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হেয়েছে।

শুক্রবার দুপুরে কক্সবাজার থেকে ঢাকায় আসার পর তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান ঢাকা মহানগর পুলিশের বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার।

গ্রেপ্তার দুজন হলেন- গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জ (৫২) ও শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম (৪৪)।

ওসি কামরুল হাসান তালুকদার বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি নাসির উদ্দিন ও জাহাঙ্গীর কক্সবাজার থেকে বিমামে ঢাকায় আসছেন বলে খবর পাওয়া যায়। শুক্রবার দুপুর দেড়টার দিকে বিমানবন্দরে নামার পর তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়।”

তিনি বলেন, “পরে মামলার তথ্য যাচাই করে তাদের গ্রেপ্তার করা হয়। তারা বর্তমানে বিমানবন্দর থানায় আছেন।”