২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

জেল খেটে ভারত থেকে ফিরলেন ২ তরুণী

ভালো কাজের প্রলোভনে দুই বছর আগে দালালরা ওই দুই তরুণীকে ভারতে নিয়ে যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Sep 2026, 10:28 PM

Updated : 28 Sep 2026, 10:28 PM

ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া দুই তরুণী কারাভোগ শেষে দেশে ফিরেছেন।

সোমবার বিকালে বেনাপোল-পেট্রাপোল সীমান্তের শূন্যরেখায় ভারতের ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ দুই তরুণীকে বাংলাদেশে হস্তান্তর করে বলে জানান বেনাপোল ইমিগ্রেশনের ওসি সাইফুর রহমান।

ফেরত আসা দুই তরুণীর একজনের বাড়ি ময়মনসিংহে, অন্যজনের খুলনায়।

ওসি বলেন, দুই বছর আগে রাতের আঁধারে সাতক্ষীরা সীমান্ত দিয়ে দালালরা ওই দুই তরুণীকে ভারতে নিয়ে যান। পরে তারা মহারাষ্ট্রের একটি পার্লারে কাজ করতেন। সেখানে অবৈধভাবে থাকার অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

পরে মানবাধিকার সংগঠন ‘মন্ডুয়া গার্লস হোম’ তাদের কারাগার থেকে ছাড়িয়ে নিজেদের হেফাজতে নেয়। দুই দেশের যোগাযোগের মাধ্যমে সোমবার তারা দেশে ফেরেন।

সাইফুর রহমান বলেন, ইমিগ্রেশনের কাজ শেষে দুই তরুণীকে বেনাপোল পোর্ট থানায় দেওয়া হয়। পরে মানবাধিকার সংগঠন ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ তাদের দায়িত্ব নেয়। সংগঠনটি তাদের পরিবারের কাছে পৌঁছে দেবে।