২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বরিশালে ‘গোপন বৈঠক’ থেকে আওয়ামী লীগের ১২ নেতাকর্মী আটক

তারা নাশকতার সৃষ্টির জন্য সেখানে বৈঠক করছিলেন বলে দাবি পুলিশের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Sep 2026, 08:08 PM

Updated : 26 Sep 2026, 08:48 PM

বরিশাল নগরীর একটি ভবন থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১২ নেতাকর্মীকে আটক করা হয়েছে; যারা নাশকতার সৃষ্টির জন্য গোপনে বৈঠক করছিলেন বলে দাবি পুলিশের।

শনিবার বেলা সাড়ে ৩টার দিকে নগরের বটতলা এলাকার হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পাশের একটি ভবনে থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন বরিশাল মহানগরের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার।

আটকরা হলেন- নগরের ডেফুলিয়া এলাকার ইলিয়াস মুন্সী (৪৫), গোড়াচাঁদ দাস রোডের খলিলুর রহমান সুমন (৪৫), একই এলাকার সঞ্জিব কুমার দাস (৫২), আর্শেদ কন্টাক্টর গলির সিফাত (২২), কলেজ এভিনিউ এলাকার মাহাদি ইসলাম (২৬), দরগাবাড়ির ইয়াসিন আরাফাত (৩০), একই এলাকার রফিকুল ইসলাম (২৫), জিহাদ (২২), টুমচরের নাইম (২৫), শফিকুল ইসলাম, উজিরপুরের সিয়াম এবং মেহেন্দিগঞ্জ উপজেলার রাজিব চন্দ্র দাস।

উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, “ভবনটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নেয়। সেখানে নাশকতামূলক কর্মকাণ্ড করার জন্য বৈঠক শুরু করেন তারা।

“গোপন খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা ও গোয়েন্দা পুলিশ ভবনটি ঘেরাও করে। পরে সেখান থেকে ১২ জনকে আটক করা হয়। পরে তাদের কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়।”

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক মো. লুৎফর রহমান বলেন, আটকদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করবে; প্রক্রিয়াধীন।