০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

কিশোর অপরাধ দমন: লক্ষ্মীপুরে ৩ দিনে আটক ৫৪৯

এর মধ্যে ৪৬০ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Oct 2026, 02:36 PM

Updated : 02 Oct 2026, 02:36 PM

লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনে অভিযান চালিয়ে তিন দিনে ৫৪৯ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ৪৬০ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

এর মধ্যে বৃহস্পতিবার রাতে জেলার পাঁচটি থানায় অভিযান চালিয়ে ৯৯ জনকে আটক করা হয় বলে জানিয়েছেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে আটকদের মধ্যে সদর থানায় ২৯ জন, চন্দ্রগঞ্জে ৫ জন, রায়পুরে ২৪ জন, রামগঞ্জে ২২ জন, কমলনগরে ১০ জন ও ডিবির হাতে ৯ জন আটক হয়।

আটকদের ৮৬ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় এবং অপর ১৩ জনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে আটক করা হয় ১৮৪ জনকে, তার মধ্যে ১৫৯ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি ২৫ জনকে বিভিন্ন মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। একইভাবে রোববার রাতে আটক ২৬৬ জনের মধ্যে ২১৫ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এছাড়া বাকি ৫১ জনকে বিভিন্ন মামলায় আদালতে সোপর্দ করা হয়েছ।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, কিশোর গ্যাং ও অপরাধ দমনে লক্ষ্মীপুরের ছয়টি থানায় একযোগে এসব অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

একই সঙ্গে সন্তানদের বিষয়ে অভিভাবকদেরকে সতর্ক ও সচেতন থাকারও আহ্বান জানান তিনি।