২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ঢাকা থেকে নিখোঁজ এনবিআর কর্মকর্তার লাশ মিলল ধলেশ্বরী নদীতে

কামাল হোসেন ঢাকার মীরপুর ১০ নম্বর সেকশন থেকে ২৬ ফেব্রুয়ারি রাতে নিখোঁজ হন।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2024, 11:50 PM

Updated : 02 Mar 2024, 01:12 PM

রাজধানী থেকে নিখোঁজের পাঁচ দিনের মাথায় এনবিআর কর্মকর্তার লাশ মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী থেকে উদ্ধার করেছে নৌ পুলিশ।

শুক্রবার সদর উপজেলার মালির পাথরের কাছে ধলেশ্বরী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত সাজ্জাদ করিম খান।

৩৭তম বিসিএস কর্মকর্তা কামাল হোসেন এনবিআরের আগারগাঁও কার্যালয়ে সহকারী পরিচালকের দায়িত্বে ছিলেন। তিনি ঢাকার মীরপুর ১০ নম্বর সেকশন থেকে ২৬ ফেব্রুয়ারি রাতে নিখোঁজ হন।

তার গ্রামের বাড়ি ফরিদপুরের বোয়ালমারি উপজেলার পশ্চিম কামারগ্রামে। বাবার নাম আলী আফজাল।

পরিবারের বরাত দিয়ে নৌ পুলিশের কর্মকর্তা সাজ্জাদ করিম খান বলেন, কামাল হোসেন ঢাকার মীরপুর ১০ নম্বর সেকশনে মা ও একমাত্র সন্তানকে নিয়ে বসবাস করতেন। প্রতি দিনের মত গেঞ্জি ও প্যান্ট পরে ২৬ ফেব্রুয়ারি রাত ৮টায় বাসার পাশে হাঁটতে বের হন।

কিন্তু রাত ১০টায়ও বাসায় না ফেরায় মা সামসুন নাহার ছেলের মোবাইলে ফোন করেন। তখন সেটি বন্ধ পান। ২৭ ফেব্রুয়ারি তিনি পল্লবী থানায় জিডি করেন।

তিনি জানান, লাশ ভাসতে দেখে মানুষ নদীর পাড়ে ভিড় করে। পরে নৌ পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। কিন্তু তখনও কেউ জানতেন না তিনি এনবিআর কর্মকর্তা কামাল হোসেন।

“পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের সূত্র ধরে পুলিশ কামাল হোসেনের গ্রামের বাড়িতে জরুরি বার্তা পাঠায়। পরে তার বাবা আলী আফজাল রাতে মুন্সীগঞ্জে এসে ছেলের লাশ শনাক্ত করেন।”

নৌ পুলিশ কর্মকর্তা বলেন, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।