Published : 15 Oct 2023, 05:18 PM
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় সীমান্তে গরু পাচার করতে গিয়ে গুলিতে নিহতের ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের বিরুদ্ধে মামলা হয়েছে।
ছেলে নিহত হওয়ার দুদিন বাদে সোমবার উপজেলার শৌলমারী ইউনিয়নের বেহুলারচর গ্রামের বাসিন্দা মো. আব্দুল বাতেন বাদী হয়ে মামলাটি করেন বলে রৌমারী থানার ওসি রূপ কুমার সরকার জানান।
তিনি বলেন, শনিবার রাতে একদল গরু ব্যবসায়ী মোল্লারচর সীমানা পিলারের পাশে কাঁটাতারের বেড়ার ওপর দিয়ে ভারতীয় গরু পাচার করছিলেন। এ সময় কুচনিমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের দিকে গুলি ছোড়ে।
এতে আব্দুল বাতেনের ছেলে মানিক মিয়া গুলিবিদ্ধ হয়ে ভারতের সীমানায় লুটিয়ে পড়েন। সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাদী আব্দুল বাতেন বলেন, “সীমান্তে শুধু আমার ছেলে নয়; অনেককে ওরা গুলি করে হত্যা করেছে। আমি ছেলে হত্যার বিচার চাই।”
এদিকে সীমান্তে নিহতের ঘটনায় পতাকা বৈঠকের পর বিএসএফ গুলির কথা স্বীকার করেছে বলে জামালপুর বিজিবি-৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আবদুল্লাহ আল মাশরুকি জানান।
[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]