নেত্রকোণায় নেতাই নদী উপচে ২০০ পরিবার পানিবন্দি
সোমবার রাতে ময়মনসিংহের ধোবাউড়ার একটি বাঁধ ভেঙে নেতাই নদীর পানি লোকালয়ে প্রবেশ করে।
অব্যাহত বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে নেত্রকোণায় প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে দুর্গাপুর উপজেলার নেতাই নদীর পানি উপচে অন্তত ২০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন বলে প্রশাসন জানিয়েছে।
সোমবার রাতে পাশের জেলা ময়মনসিংহের ধোবাউড়া অংশের বাঁধ ভেঙে নেতাই নদীর পানি লোকলয়ে প্রবেশ করে। এতে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয় বলে জানিয়েছেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব উল হাসান।
তিনি বলেন, প্রায় ২০০ পরিবারের ঘরবাড়িতে পানি প্রবেশ করেছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে পানিবন্দিদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। তাদের জন্যে পর্যাপ্ত ত্রাণসামগ্রী মজুদ আছে।
নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান জানান, উব্ধাখালি নদীর পানি কলমাকান্দা পয়েন্টে বিপৎসীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সকালের দিকে সোমশ্বেরী ও কংস নদীর পানি কমছিল; তবে দুপুর ১২টার পর থেকে আবার বাড়তে শুরু করেছে। হাওরের ধনু নদী পানি বিপৎসীমার নীচ দিয়ে প্রবাহিত হলেও ধীরে ধীরে পানি বাড়ছে।
কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদুল ইসলাম বলেন, উব্ধাখলি নদীর পানি বাড়ায় সদরের নয়াপাড়ায় কিছু পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছেন। তাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে।
জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইমদাদুল হক জানান, কলমাকান্দা, পূর্বধলা ও বারহাট্রা উপজেলার ৪৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ও বারান্দায় পানি ঢুকেছে।
নয়াপাড়ার বাসিন্দা শেখ শহীদুল হক বলেন, বাড়ি-ঘরের চারদিক পানিতে তলিয়ে গেছে। রান্না করতে সমস্যা হচ্ছে। এ ছাড়া শিশু খাদ্য ও গো-খাদ্যের সংকট দেখা দিয়েছে। কলমাকান্দা সদর, পোগলা, বড়খাপন ইউনিয়নে শতাধিক বাড়ি পানিবন্দি অবস্থায় রয়েছে।
নেত্রকোণা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, কলমাকান্দায় বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদও রাখা আছে। খালিয়াজুরীতে কিছু নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। উপজেলা প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে।
বন্যা পরিস্থিতি অবনতি হলে পানিবন্দিদের উদ্ধারে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
আরও পড়ুন:
