১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পদ্মায় ডুবন্ত সঙ্গীকে বাঁচানোর চেষ্টা দুই কিশোরের, বাঁচল না কেউ

“এক পর্যায়ে যুবরাজ পানিতে ডুবে যায়। তখন তাকে বাঁচাতে এগিয়ে যায় নুরুজ্জামান ও আরিফ। কিন্তু তারা সবাই নদীতে ডুবে যায়।”

পদ্মায় ডুবন্ত সঙ্গীকে বাঁচানোর চেষ্টা দুই কিশোরের, বাঁচল না কেউ

রাজশাহীর পবা উপজেলার চরশ্যামপুর এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে মারা গেছে তিন কিশোর।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2024, 04:16 PM

Updated : 23 Apr 2024, 04:16 PM

রাজশাহীর পবা উপজেলার পদ্মা নদীতে গোসল করতে নেমে ডুবে যাওয়া এক কিশোরকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছে আরও দুই কিশোর।

মঙ্গলবার বেলা ২টা থেকে পৌনে ৩টার মধ্যে উপজেলার চরশ্যামপুর এলাকায় পদ্মা নদী থেকে তিন কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন  রাজশাহী সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা।

মৃতরা হলেন, কাটাখালি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাখরাবাজ দক্ষিণপাড়ার রেন্টুর ছেলে যুবরাজ, নুর ইসলামের ছেলে নুরুজ্জামান ও লিটনের ছেলে আরিফ। ১৩ থেকে ১৪ বছরের বয়সী এই তিনজন স্থানীয় কাটাখালী জামিয়া ওসমানিয়া মাদরাসার ছাত্র।

তাদের সঙ্গে গোসলে নামা কিশোরদের বরাতে সিনিয়র স্টেশন অফিসার আবু সামা বলেন, মঙ্গলবার বেলা ১টার দিকে চরশ্যামপুর এলাকায় পদ্মা নদীতে এক সঙ্গে গোসল করতে নামে সাত কিশোর।

“এক পর্যায়ে যুবরাজ পানিতে ডুবে যায়। তখন তাকে বাঁচাতে এগিয়ে যায় নুরুজ্জামান ও আরিফ। কিন্তু তারা সবাই নদীতে ডুবে যায়। ”

তাদের খোঁজ না পেয়ে স্বজনরা ফায়ার সার্ভিসে খবর দেন।

আবু সামা আরও বলেন, খবর পেয়ে দেড়টার দিকে আমরা ঘটনাস্থলে গিয়ে ডুবরি দল ওই এলাকায় তল্লাশি শুরু করে। এর পর বেলা ২টা থেকে পৌনে ৩টার মধ্যে এক এক করে তিনজনের লাশ উদ্ধার করা হয়। 

পরে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে কিশোরদের লাশ হস্তান্তর করা হয় বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এর আগে রোববার দুপুরে রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মৃত্যু হয়েছিল শিক্ষার্থীসহ দুইজনের। 

পুরানো খবর

পুরানো খবর:

রাজশাহীতে পদ্মায় গোসলে নেমে শিক্ষার্থীসহ দুজনের মৃত্যু