১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাজশাহীতে পদ্মায় গোসলে নেমে শিক্ষার্থীসহ দুজনের মৃত্যু

“সাঁতার না জানা একজন তলিয়ে যেতে লাগলে বাকিরা তাকে উদ্ধারে এগিয়ে যায়।”

রাজশাহীতে পদ্মায় গোসলে নেমে শিক্ষার্থীসহ দুজনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পদ্মা নদীতে গোসলে নেমে নিহত একজনের মরদেহ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2024, 07:17 PM

Updated : 21 Apr 2024, 07:59 PM

রাজশাহীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন অফিসার আবু শামা জানান।

মৃতরা হলেন- রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার সায়েরগাছা এলাকার বাবু হোসেনের ছেলে বাপ্পী হোসেন (১৬) এবং একই এলাকার শাহিন হোসেনের ছেলে মনির হোসেন (২০)।

বাপ্পী রাজশাহী কোর্ট একাডেমি স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। আর মনির পেশায় থাই মিস্ত্রি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবু শামা বলেন, দুপুরে হাড়ুপুর এলাকায় পদ্মা নদীতে কয়েকজন কিশোর গোসল করতে নামে। এ সময় তাদের মধ্যে সাঁতার না জানা একজন তলিয়ে যেতে লাগলে বাকিরা তাকে উদ্ধারে এগিয়ে যায়। এ সময় বাপ্পী হোসনে ও মনির হোসেন পানিতে তলিয়ে যায়।

তিনি বলেন, খবর পেয়ে দ্রুত গিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পদ্মা নদীতে অভিযান চালায়। এ সময় পানির নিচ থেকে বাপ্পী ও মনিরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কছে হস্তান্তর করা হয় বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা।