কক্সবাজারে খাইরুল হত্যায় সাড়ে ৩২ বছর পর ৬ জনের যাবজ্জীবন
১৯৯০ সালের ৯ এপ্রিল বিকাল ৫টার দিকে মহেশখালীর গোরকঘাটা বাজারে দুর্বৃত্তের গুলিতে নিহত হন খাইরুল।
কক্সবাজারের মহেশখালীতে আলোচিত খাইরুল আমিন হত্যা মামলায় সাড়ে ৩২ বছর পর ছয় আসামির যাবজ্জীবন সাজার রায় দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফরিদুল আলম।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, মহেশখালী পৌরসভার সাবেক মেয়র সরওয়ার আজম, তার ভাই বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মৌলভি জহির উদ্দিন ও নাসির উদ্দিন, ছোট মহেশখালীর সাবেক ইউপি চেয়ারম্যান শামসুল আলম, আইনজীবী হামিদুল হক ও সাধন দাশ।
রায় ঘোষণার সময় সাধন দাশ ছাড়া অপর পাঁচজন আদালতে উপস্থিত ছিলেন।
রায়ে সাজাপ্রাপ্তদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানার আদেশও দিয়েছেন আদালত।
এছাড়া আদালতে নির্দোষ প্রমাণিত হওয়ায় অভিযোগভুক্ত ২০ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মামলার নথির বরাতে ফরিদুল বলেন, নিহত খাইরুল আমিন (২৮) মহেশখালী পৌরসভার গোরকঘাটা এলাকার মৃত হামজা মিয়া সিকদারের ছেলে। তিনি তৎকালীন জেলা পরিষদের সদস্য ছিলেন।
১৯৯০ সালের ৯ এপ্রিল বিকাল ৫টার দিকে মহেশখালীর গোরকঘাটা বাজারে দুর্বৃত্তের গুলিতে নিহত হন খাইরুল।
ওই দিন তার বড় ভাই মাহমুদুল করিম সিকদার বাদী হয়ে মহেশখালী থানায় সাবেক উপজেলা চেয়ারম্যান নুর বক্স, পুটিবিলার বাসিন্দা ও মহেশখালী পৌরসভার সাবেক চেয়ারম্যান সরওয়ার আজম, শামসুল আলম, নাসির উদ্দিন ও হামিদুল হকসহ ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
ওই বছরের ২২ নভেম্বর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনার তদন্ত করে এজাহারভুক্ত ২৫ জনসহ ২৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
এরপর ২০০৩ সালের ২৭ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।
মামলার যুক্তিতর্ক আদালতে উপস্থাপন হয়েছিল ২০২১ সালের ২৩ নভেম্বর। যুক্তিতর্ক শেষে চলতি ২০২২ সালের ২৬ মে আদালত রায় ঘোষণার তারিখ নির্ধারণের জন্য ১০ নভেম্বর দিন ধার্য করেন।
মামলার মোট আসামি ২৬ জনের মধ্যে মারা গেছেন সাত জন। পলাতক ছিলেন দুই জন।
দীর্ঘ বিচার কাজ শেষে বৃহস্পতিবার এই মামলার রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত ।
পিপি ফরিদুল বলেন, বৃহস্পতিবার সকালে কক্সবাজার কারাগার থেকে মামলার পাঁচ আসামিকে আদালতে আনা হয়। পরে সকাল ১১টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারক আব্দুল্লাহ আল মামুন রায় পড়া শুরু করেন।
"দুপুর ২টায় বিচারক ছয় জনের যাবজ্জীবন এবং প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানার আদেশ দিয়ে মামলার রায় ঘোষণা করেন।
মামলায় আদালতের পর্যবেক্ষণের বরাতে পিপি ফরিদুল বলেন, “রাজনৈতিক প্রভাব-প্রতিপত্তির বিরোধের জেরে খাইরুল আমিন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।”
