১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

জি এম কাদেরকে জেতাতে জাপা-আওয়ামী লীগের রুদ্ধদ্বার বৈঠক

“কেন্দ্র ছাড় দিয়েছে এজন্য আমরা জি এম কাদেরের পক্ষে আজ থেকে মাঠে কাজ করব।”

জি এম কাদেরকে জেতাতে জাপা-আওয়ামী লীগের রুদ্ধদ্বার বৈঠক

রংপুর নগরীর সেনপাড়ার স্কাই ভিউ ভবনে জাতীয় পার্টি ও আওয়ামী লীগ নেতাদের মধ্যে বৈঠক হয়।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2023, 08:12 PM

Updated : 30 Dec 2023, 08:12 PM

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে লাঙ্গলকে জয়ী করতে রুদ্ধদ্বার বৈঠক করেছে জাতীয় পার্টি ও রংপুর মহানগর আওয়ামী লীগ।

শনিবার বেলা সাড়ে ১১টায় রংপুর নগরীর সেনপাড়াস্থ স্কাই ভিউ ভবনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের উপস্থিতিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সমঝোতার ভিত্তিতে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে যে ২৬টি আসনে ছাড় দিয়েছে তার মধ্যে রংপুর সদর আসনটিও রয়েছে।

এই আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন তুষার কান্তি মণ্ডল। তিনি কেন্দ্রের নির্দেশে প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

তিন দিনের জন্য রংপুরে এসে জি এম কাদের প্রচার ও গণসংযোগ করছেনন। তার মধ্যেই মহানগর আওয়ামী লীগের নেতাদের চায়ের আমন্ত্রণ জানান তিনি।

রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর বলেন, “জাতীয় পার্টির চেয়ারম্যানের পক্ষ থেকে চায়ের দাওয়াত দেওয়া হয়েছিল মহানগর আওয়ামী লীগ নেতাদের। তারা আমন্ত্রণ রক্ষা করতে এসেছিলেন। বৈঠক হয়েছে। আওয়ামী লীগ এখন থেকে আমাদের সঙ্গে নির্বাচনি প্রচার চালাবেন।”

রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন বলেন, “কেন্দ্র ছাড় দিয়েছে এজন্য আমরা জি এম কাদেরের পক্ষে আজ থেকে মাঠে কাজ করব। লাঙ্গলকে জয়ী করতেই আমাদের আজকের বৈঠক।”

“রংপুর থেকে বিরোধী দলীয় নেতা নির্বাচিত হলে খারাপ কী। বরং আমাদের ভালো। আমরা রংপুরের উন্নয়নে একসঙ্গে কাজ করব জি এম কাদেরের সঙ্গে”, যোগ করেন দেলোয়ার।

বৈঠকে উপস্থিত ছিলেন জি এম কাদের, জাাপার কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, চেয়ারম্যানের উপদেষ্টা ভিপি আলা উদ্দিন মিয়া, মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, জেলা জাতীয় পার্টির সদস্যসচিব আব্দুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, জাতীয় পার্টির সাংস্কৃতিক সম্পাদক আজমল হোসেন লেবু।

এই আসনে মোট ছয় প্রার্থী ভোটের মাঠে রয়েছেন।