২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নরসিংদীতে শীতলক্ষ্যা তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ

একটি কোম্পানির তিনটি পাকা স্থাপনা ও একটি টিনশেড ঘরসহ ১৮০ ফুট দেয়াল গুঁড়িয়ে দেয় বিআইডব্লিউটিএ।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2024, 08:40 PM

Updated : 14 Feb 2024, 08:40 PM

নরসিংদীর পলাশ উপজেলায় শীতলক্ষ্যা নদীর তীর দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ।

বুধবার দুপুরে উপজেলার ডাঙ্গা ইউনিয়ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন বিআইডব্লিউটিএ এর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম হাসান মারুফ।

তিনি বলেন, উচ্চ আদালতের নির্দেশে নদী দখলকারীদের বিরুদ্ধে অভিযান চলছে। এ ধারাবাহিকতায় উপজেলার কাজৈর ও কাজীরচর মৌজায় শীতলক্ষ্যার তীরে এ কে খান কোম্পানি লিমিটেডের নির্মাণ করা তিনটি পাকা স্থাপনা ও একটি টিনশেড ঘরসহ ১৮০ ফুট বাউন্ডারি দেয়াল গুঁড়িয়ে দেওয়া হয়।

নদীর সীমানা পিলারের ভেতরে যারা স্থাপনা নির্মাণ করবে তাদের উচ্ছেদ ও জরিমানা করা হবে বলে জানান নির্বাহী হাকিম হাসান মারুফ।

অভিযানে বিআইডব্লিউটিএয়ের উপপরিচালক (ঘোড়াশাল নদীবন্দর) মোহাম্মদ নূর হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।