২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

বেনাপোলে ৭০০ বোতল ফেন্সিডিল জব্দ, দুই ‘মাদক কারবারি’ গ্রেপ্তার

র‌্যাব জানায়, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় পাঠানো হয়েছে।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2024, 02:40 PM

Updated : 16 Jan 2024, 02:40 PM

যশোরের বেনাপোল সীমান্তে ৭০০ বোতল ফেন্সিডিলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাবের ভাষ্য, তারা মাদক কারবারি।

মঙ্গলবার দুপুরে যশোর র‌্যাব-৬ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন স্বাক্ষরিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন- শার্শা উপজেলার পুটখালি গ্রামের নয়ন হোসেন (২৫) ও একই গ্রামের বিল্লাল হোসেন (২১)।

বিজ্ঞপ্তিতে মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, সোমবার বিকালে পুটখালী গ্রামের ইছামতী নদীর দক্ষিণ পাড়ে কয়েকজন মাদক ব্যবসায়ী ফেন্সিডিল বিক্রির জন্য অবস্থান করছে এমন খবর পেয়ে র‌্যাব সেখানে অভিযান চালায়।

“এ সময় নয়ন ও বিল্লালকে আটক করা হয়। পরে তাদের দেখানো স্থান থেকে চারটি বস্তায় বিশেষ ভাবে রাখা ৭০০ বোতল ফেন্সিডিল এবং দুইজনকে তল্লাশি করে ২৯ হাজার পাঁচশ টাকা উদ্ধার করা হয়।”

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় পাঠানো হয়েছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।