২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কুলিক নদীতে গোসলে নেমে ডুবে মরল তারা

দুজনকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে, চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2024, 09:16 PM

Updated : 14 Apr 2024, 09:23 PM

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সীমান্তবর্তী কুলিক নদীতে গোসল করতে নেমে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

রাণীশংকৈল থানার ওসি সোহেল রানা জানান, রোববার বেলা দেড়টার দিকে উপজেলার লেহেম্বা ইউনিয়নের খঞ্জনা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন-ওই গ্রামের ইব্রাহিমের মেয়ে ইয়াসমিন আক্তার (১০) ও দিনাজপুর সদরের রেল স্টেশনপাড়া এলাকার ইউসুফ আলীর মেয়ে মুসলিমা খাতুন (৮)।

মুসলিমা তার পরিবারের সঙ্গে খঞ্জনা গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসেছিল বলে জানিয়েছে পুলিশ।

এলাকাবাসীর বরাতে ওসি বলেন, “বাড়ির পাশে সীমান্তবর্তী কুলিক নদীতে গোসল করতে নামেন ইব্রাহিম। এ সময় তার সঙ্গে মেয়ে ইয়াসমিন ও প্রতিবেশী মুসলিমাও গোসল করতে নামে।

“এক পর্যায়ে ইয়াসমিন ও মুসলিমা নদীতে তলিয়ে যায়। এ সময় ইব্রাহিম চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর গভীর পানি থেকে দুই শিশুকে উদ্ধার করেন তারা।”

এরপর দুজনকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

এ ঘটনায় রাণীশংকৈল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে জানিয়ে ওসি সোহলে রানা বলেন, মৃত দুই শিশুর লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছেন তারা।