০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

খাদিজার মুক্তির দাবিতে জাহাঙ্গীরনগরে বিক্ষোভ মিছিল

“রাষ্ট্রের আসলে কোথায় ভয় যে খাদিজাকে এতদিন জেলে রাখতে হয়?”

খাদিজার মুক্তির দাবিতে জাহাঙ্গীরনগরে বিক্ষোভ মিছিল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী খাদিজাতুল কুবরার মুক্তির দাবিতে মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2023, 07:51 PM

Updated : 27 Aug 2023, 08:51 PM

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী খাদিজাতুল কুবরার মুক্তির দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হয়েছে। 

রোববার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর এলাকা থেকে একদল শিক্ষার্থী বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে পরিবহণ চত্বর এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

সমাবেশে বক্তারা অবিলম্বে খাদিজার মুক্তি দাবি করেন। 

এসময় অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তাপসী দে প্রাপ্তি বলেন, “শুধু কথা বলার অপরাধে একজন শিক্ষার্থীকে ৩৬৫ দিন জেলের ভেতর থাকতে হয়। অথচ এই দেশে এত দুর্নীতি হয়, তার কোনো বিচার হয় না। সত্যি বলতে এই দেশে আমাদের কোনো স্বাধীনতা নেই। 

“খাদিজাকে কারাগারে রেখে তার বাবা-মাকেও হয়রানি করা হচ্ছে। রাষ্ট্রের আসলে কোথায় ভয় যে খাদিজাকে এতদিন জেলে রাখতে হয়।” 

সমাবেশে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সুমাইয়া বলেন, “রাষ্ট্রের এত কীসের ভয় যে খাদিজার ছয়বার জামিন নামঞ্জুর হল? জবাবদিহীতার এত ভয় কেন রাষ্ট্রের? আমরা চাই, দ্রুত খাদিজার জামিন মঞ্জুর হোক।” 

নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী ফাইজা মাহজাবিনের সঞ্চালনায় ছাত্র ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক রিদ্ধ্য অনিন্দ্য গাঙ্গুলি বলেন, “আমাদের বাক স্বাধীনতা হরণ করেছে এই সরকার। বাংলাদেশের প্রত্যেক শ্রেণী-পেশার মানুষ এই সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। 

“তারা যখন তখন মানুষকে গুম করে ফেলে। এই দেশকে বাঁচাতে এখন রাস্তায় নামতে হবে।” 

এসময় ডিজিটাল সিকিউরিটি আইন বাতিলের দাবিও জানান শিক্ষার্থীরা।