২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে বাসার ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা

আমবাগ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কোনাবাড়ী থানার ওসি মো. ইফতেখার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Sep 2026, 09:44 PM

Updated : 20 Sep 2026, 09:44 PM

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় ভাড়া বাসায় ঢুকে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

রোববার বেলা ১১টার দিকে আমবাগ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কোনাবাড়ী থানার ওসি মো. ইফতেখার হোসেন।

নিহত নারীর নাম সানজিদা আক্তার। তিনি পরিবারের সঙ্গে কোনাবাড়ীর আমবাগ এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি বরিশালে।

পুলিশ জানায়, বেলা ১১টার দিকে এক যুবক সানজিদার বাসায় ঢুকে তার বুকে ছুরিকাঘাত করেন। এরপর তিনি মাটিতে পড়ে গেলে ওই যুবক পালিয়ে যান।

সানজিদার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

পুলিশ জানায়, হত্যার কারণ ও হামলাকারীর পরিচয় এখনও জানা যায়নি।

ওসি ইফতেখার হোসেন বলেন, হামলাকারীকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।