Published : 10 Dec 2023, 11:46 PM
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ইঁদুরের তাণ্ডব থেকে বোরো ধানের বীজতলা রক্ষার জন্য দেওয়া বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে দুই কৃষক নিহত হয়েছেন।
রোববার দুপুরে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বড় আমতলা ও রঘুনাথপুর গ্রামে এ দুটি ঘটনা ঘটে বলে নাজিরপুর থানার ওসি মো. হুমায়ুন কবির জানান।
নিহতরা হলেন- বড় আমতলা গ্রামের মৃত আজিজ শেখের ছেলে লিটন শেখ (৪৫) এবং রঘুনাথপুর গ্রামের মৃত মেসের সর্দারের ছেলে মোসলেম সর্দার (৬০)।
নিহত লিটন শেখের স্ত্রী সেলিনা বেগম বলেন, তার স্বামী দুপুরের খাবার প্রস্তুত করতে বলে গোসলের উদ্দেশে বের হয়ে যান। এ সময় বাড়ির সামনের জমিতে বোরো ধানের জন্য দেওয়া বীজতলা দেখতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হন।
তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান সেলিনা বেগম।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অসিত কুমার মিস্ত্রী বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই লিটন শেখের মৃত্যু হয়েছে। তার বাম হাতের কনুই ও বাম পায়ের নীচের অংশে বিদ্যুতের স্পর্শের ক্ষত রয়েছে।
অপরদিকে, ভোরে বীজতলা দেখতে যান মোসলেম সর্দার। সেখানে তিনি বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন। তাকে বাগেরহাট জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাজিরপুর থানার ওসি মো. হুমায়ুন কবির বলেন, শেখমাটিয়া ইউনিয়নে বিদ্যুতায়িত হয়ে দুই কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। সেখানে পুলিশ গিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।