২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

টাঙ্গাইলে বিএনপির চার নেতাকর্মীকে গ্রেপ্তারের অভিযোগ

তাদের মধ্যে তিন জনকে গ্রেপ্তারের বিষয়টি পুলিশ স্বীকার করেছে।

টাঙ্গাইলে বিএনপির চার নেতাকর্মীকে গ্রেপ্তারের অভিযোগ

মধুপুর উপজেলা বিএনপির সভাপতি

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2023, 04:30 PM

Updated : 27 Jul 2023, 04:30 PM

টাঙ্গাইলের মধুপুর উপজেলা বিএনপির সভাপতিসহ দলটির অঙ্গসংগঠনের স্থানীয় চার নেতাকর্মীকে গ্রেপ্তারের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।

গ্রেপ্তাররা হলেন: মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন, ঘাটাইল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দিন, ধনবাড়ি উপজেলার মুসুদ্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান এবং কালিহাতী উপজেলার বিএনপির সদস্য সোনা মিয়া।

সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জেলা বিএনপি দাবি করলেও তার বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

টাঙ্গাইল জেলা আদালত পুলিশের পরিদর্শক তানভীর আহমেদ জানান, জাকির হোসেনকে ২০২২ সালের একটি নাশকতার মামলায় গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে। পরে মধুপুর-গোপালপুর আমলী আদালতের বিচারক জাকির হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঘাটাইল থানার ওসি লোকমান হোসেন বলেন, কালিহাতী থানার একটি মামলায় উপজেলা ছাত্রদল নেতা নাসির উদ্দিনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। 

সোনা মিয়াকে গ্রেপ্তারের বিষয়টি জানান, কলিহাতী থানার এসআই মাহাবুল ইসলাম।

টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল অভিযোগ করে বলেন, ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে জেলার বিভিন্নস্থানে এবং বাড়ি বাড়ি অভিযান চালাচ্ছে পুলিশ। মহাসমাবেশ বানচাল করার জন্য পুলিশ নেতাকর্মীদের বাড়ি বাড়ি অভিযান চালাচ্ছে। এরপরও জেলা থেকে প্রায় ২০ হাজার নেতাকর্মী সমাবেশে যোগ দেওয়ার জন্য ঢাকায় গিয়েছে। এ ছাড়া আরও ৪০ হাজার নেতাকর্মী যাতে সমাবেশে যেতে না পারে এজন্য অভিযান চালাচ্ছে। এছাড়া সড়ক ও মহাসড়কে চেকপোস্ট বসিয়েও তল্লাশি করা হচ্ছে।”

সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) ফারজানা আফরোজ জেমি বলেন, “ছুটিতে রয়েছি তাই এই বিষয়ে জানা নেই।”