ফরিদপুরে ডেঙ্গুতে ৬৫ বছরের নারীর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬
সোমবার সকাল থেকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে ২৬ জন রোগী ভর্তি হয়েছেন।
ফরিদপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে।
সোমবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসান।
মারা যাওয়া মাসুদা বেগম (৬৫) ফরিদপুর শহরের আলিপুর এলাকার বাসিন্দা। জ্বর নিয়ে তিনি শনিবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
এদিকে সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে ২৬ জন রোগী ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন।
তিান জানান, বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত ১০৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ফরিদপুরে প্রায় ৭০০ জন ডেঙ্গু রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বর্ষা মৌসুমের পর ডেঙ্গুর প্রকোপ বাড়ায় জেলার বিভিন্ন হাসপাতালে প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছেন। এ অবস্থায় ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সিভিল সার্জন মাহমুদুল বলেন, “ডেঙ্গু প্রতিরোধে আমরা সরকারি নির্দেশ মোতাবেক, জেলা প্রশাসন পৌর প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ মিলে যৌথভাবে মানুষকে সচেতন করার লক্ষ্যে বিভিন্ন কাজ হাতে নিয়েছি। স্কুল কলেজ এমনকি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতেও ডেঙ্গু সচেতনা নিয়ে কথাবার্তা বলা হচ্ছে।
“তারপরও শুধু সরকারের উদ্যোগ হলেই চলবে না, ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেক নাগরিকের সচেতন হওয়া দরকার,” বলেন জেলা স্বাস্থ্য বিভাগের জেষ্ঠ এই কর্মকর্তা।
