Published : 23 Oct 2023, 02:18 PM
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় নিম্নতম বেতন ১৫ হাজার টাকা করার দাবিতে কয়েকটি কারখানার শ্রমিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এ সময় সড়কের দুই পাশে যানজট তৈরি হলে পুলিশ তাদের লাঠিপেটা করে সরিয়ে দেয়।
সোমবার সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার মৌচাক তেলিরচালা এলাকায় এ অবরোধের ঘটনা ঘটে বলে জানান কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলাম।
বিক্ষোভকারী শ্রমিক ও পুলিশ জানায়, প্রথমে পূর্বাণী গ্রুপের করিম টেক্সটাইল কারখানার শ্রমিকরা সর্বনিম্ন বেসিক বেতন ১৫ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ শুরু করে। এ সময় পাশের লগোজ অ্যাপারেলস, হাইড্রো অক্সাইড সোয়েটার কারখানা, এপিএস অ্যাপারেলস, বে ফুটওয়ার কারখানার শ্রমিকরাও তাদের সঙ্গে যোগ দেয়।
এক পর্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে ওই মহাসড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ওই পথে চলাচলকারীরা।
শ্রমিকদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ লাঠি চালিয়েছে। এ সময় কাঁদুনে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
তবে শ্রমিকদের লাঠিপেটা করার অভিযোগ অস্বীকার করে নাওজোড় হাইওয়ে থানার ওসি শাহাদত হোসেন বলেন, বেতন বৃদ্ধির দাবিতে কয়েকটি কারখানার শ্রমিক মহাসড়ক অবরোধ করে। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।