বেনাপোলে এবার এল ২০০ টন আলু
চালানটি আগামী রোববার খালাস হতে পারে।
ভারত থেকে দ্বিতীয়বারের মতো আলু এসেছে যশোরের বেনাপোল বন্দরে।
বৃহস্পতিবার রাতে ২০০ টন আলুর এ চালান আসে বলে জানিয়েছেন বন্দরের পরিচালক রেজাউল করিম।
তিনি জানিয়েছেন, ভারতের পেপসিকো ইন্ডিয়া হোল্ডিংসের কাছ থেকে এই আলু আমদানি করেছে ইন্টিগ্রেটেড ফুড অ্যান্ড বেভারেজ। চালানটি খালাস করতে আমদানিকারকের প্রতিনিধি হিসেবে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছে ‘ট্রান্সমেরিন লজিস্টিক লিমিটেড' নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট।
ট্রান্সমেরিন লজিস্টিকের প্রতিনিধি মাসুম বিল্লা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতীয় আটটি ট্রাকে ২০০ টন আলু আমদানি করা হয়েছে। প্রতি টন আলুর আমদানি খরচ পড়ছে ১৯৪ ডলার।
চালানটি আগামী রোববার খালাস হবে বলে তিনি আশা করছেন।
বেনাপোল বন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা হেমন্ত কুমার সরকার বলেন, আলুর মান পরীক্ষা শেষে খালাসের অনুমতি দেওয়া হবে।
বেনাপোল দিয়ে প্রথমবারের মতো গত ২ ডিসেম্বর ৭৪ টন আলু এসেছিল জানিয়ে বন্দরের পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম বলেন, “দ্বিতীয় চালানে ২০০ মেট্রিক টন আলু আমদানি হয়েছে। দ্রুত ছাড়করণের জন্য আমদানিকারককে সহযোগিতা করা হচ্ছে।”
