১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

উপজেলা নির্বাচনে এমপি-মন্ত্রীদের সহায়তা চান ইসি আহসান হাবিব

“তারা কোনো প্রভাব বিস্তার ও পক্ষপাতিত্ব করবেন না বলে বিশ্বাস করি। যদি এর বিচ্যুতি ঘটে তাহলে তাদের সম্মান ক্ষুণ্ন হবে।”

উপজেলা নির্বাচনে এমপি-মন্ত্রীদের সহায়তা চান ইসি আহসান হাবিব

ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি আহসান হাবিব।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2024, 08:04 PM

Updated : 02 Apr 2024, 08:04 PM

উপজেলা ভোটে এমপি, মন্ত্রী ও রাজনৈতিক নেতাদের সহায়তা চেয়েছেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান।

তিনি বলেন, “তারা এই ভোট কার্যক্রমকে আন্তরিকভাবে সহায়তা করবেন। তারা কোনো প্রভাব বিস্তার ও পক্ষপাতিত্ব করবেন না বলে বিশ্বাস করি। যদি এর বিচ্যুতি ঘটে তাহলে তাদের সম্মান ক্ষুণ্ন হবে। এ ব্যাপারে আমরা খুব সজাগ ও সচেতন ।”

মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি।

ইসি হাবিব বলেন, “এবার যেহেতু প্রার্থীর সংখ্যা বেশি হবে। সে জন্য সহিংসতা হবে না বলে আইনশৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টরা আমাকে আশ্বস্ত করেছেন।

“উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও সবার অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিবেন বলে তারা জানিয়েছেন।”

সাংবাদিকদের সহযোগিতা কামনা করে নির্বাচন কমিশনার বলেন, “আপনারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেভাবে সহায়তা করেছেন, ঠিক একই ভাবে শুধু এই উপজেলা নির্বাচনেই নয় ভবিষ্যতের সব নির্বাচনে আমাদের সহযোগিতা করবেন। আপনাদের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা কামনা করি।”

এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার নির্বাচন কর্মকর্তাসহ নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের নিয়ে নানা বিষয়ে আলোচনা করেন ইসি হাবিব।

সভায় ঝিনাইদহের জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে পাঁচটি জেলার প্রশাসক, পুলিশ সুপারসহ নির্বাচন কর্মকর্তারা বক্তব্য দেন।