০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

২০২৭ শিক্ষাবর্ষে ৪ নতুন বই পাচ্ছে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

“আজ যারা ক্রীড়া শিক্ষায় আগ্রহী হচ্ছেন তাদেরকে মানব সম্পদে রূপান্তরিত করতে হবে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Oct 2026, 03:21 PM

Updated : 06 Oct 2026, 03:33 PM

আগামী বছর থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য চারটি নতুন বই দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।

তিনি বলেন, “২০২৭ সালের নতুন কারিকুলামে চতুর্থ শ্রেণিতে ‘ক্রীড়া’ ও সংস্কৃতি চর্চা’ এবং ষষ্ঠ শ্রেণিতে ‘আনন্দময় শিক্ষা’ ও ‘কারিগরি শিক্ষা’ অন্তর্ভুক্ত করা হয়েছে।

“এই চারটি নতুন বই আমরা ২০২৭ সালে দিচ্ছি।”

শিক্ষামন্ত্রী বলেন, প্রত্যেকটি শ্রেণির কারিকুলামে যেসব জায়গায় পরিবর্তন ও পরিমার্জন প্রয়োজন, সেগুলো ২০২৮ সাল থেকে করা হবে।

মঙ্গলবার কুমিল্লার ভাষাসৈনিক শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম গ্রীষ্মকালীনকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন এহছানুল হক মিলন।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী শিক্ষার পাশাপাশি খেলাধুকে গুরুত্ব দিচ্ছেন। প্রধানমন্ত্র্রী শিক্ষায় সবচেয়ে বেশি বাজেট রেখেছেন। তাই আজ যারা ক্রীড়া শিক্ষায় আগ্রহী হচ্ছেন তাদেরকে মানব সম্পদে রূপান্তরিত করতে হবে। এই দেশ গড়তে তাদের এগিয়ে আসতে হবে।”

জাতীয় পর্যায়ের এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে চারটি অঞ্চলের প্রতিযোগিতা পেরিয়ে মোট ৪০৪ জন শিক্ষার্থী জাতীয় পর্যায়ে উঠে এসেছে।

সাঁতার, দাবা, কাবাডি ও হ্যান্ডবল-এই চারটি খেলায় তারা চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবেন।