জয়পুরহাটে সাড়ে তিন লাখ টাকার জাল নোট উদ্ধার, গ্রেপ্তার ২
চারটি এক হাজার টাকার বান্ডিলে ৩ লাখ ৪৬ হাজার টাকার জাল নোট জব্দ করা হয় বলে জানায় র্যাব।
জয়পুরহাট সদর উপজেলায় প্রায় সাড়ে ৩ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার রাতে তেঁতুলতলী এলাকা অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান জয়পুরহাট র্যাব-৫ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মাসুদ রানা।
গ্রেপ্তাররা হলেন- সদর উপজেলার নাকুরিয়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে রিমন হোসেন এবং একই গ্রামের নুরুজ্জামানের ছেলে রনি মণ্ডল।
মাসুদ রানা বলেন, “জাল নোট চক্রের সদস্যরা ঈদুল ফিতর উপলক্ষে বিপুল পরিমাণে জাল টাকা তৈরি করে বিভিন্ন বাজার ও মার্কেটে ছড়িয়ে দিয়ে আসছিলেন।
“খবর পেয়ে অভিযান চালিয়ে চারটি এক হাজার টাকার জাল নোটের বান্ডিলে ৩ লাখ ৪৬ হাজার টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসা করে আসছিলেন।“
গ্রেপ্তারদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা দিয়ে তাদের মঙ্গলবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
