গাজীপুরে ড্রাম ট্রাকের চাপায় প্রাণ গেল ভ্যান চালকের
লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গাজীপুর নগরীতে পাথর বোঝাই ড্রাম ট্রাকের চাপায় এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে মহানগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে হারিকেন কারখানা এলাকায় এ ঘটনা ঘটে বলে গাছা থানার ওসি শাহ আলম জানান।
নিহত রফিকুল ইসলাম (৪৫) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার মতকুলা এলাকার মেছের উদ্দিনের ছেলে। তিনি গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় ভাড়া বাসায় থেকে ভ্যান চালাতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি শাহ আলম বলেন, দুপুরে গাছা থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হারিকেন এলাকায় রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত ভ্যানকে চাপা দেয় পাথর বোঝাই ড্রাম ট্রাক। এতে ঘটনাস্থলেই ভ্যান চালক রফিকুল মারা যান।
তিনি বলেন, ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে কিন্তু চালক পলাতক রয়েছেন। লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
