২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

নড়াইলে পুলিশকে মারধর করে আসামি ছিনতাই, ২৩ জনের নামে মামলা

এ ঘটনার পর আসামির ফেলে যাওয়া হাতকড়াটি উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Sep 2026, 09:23 PM

Updated : 23 Sep 2026, 09:23 PM

নড়াইলের কালিয়া উপজেলায় পুলিশের ওপর হামলা করে অস্ত্র ও মাদক মামলায় পরোয়ানাভুক্ত এক আসামি ছিনতাইয়েছে ঘটনা ঘটেছে। পরে এ ঘটনায় ২৩ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

ঘটনার পরদিন বুধবার সকালে উপজেলার পুটিমারী ঈদগাহের গেইটের সামনে থেকে আসামির ফেলে যাওয়া হাতকড়াটি উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নড়াগাতী থানার পুটিমারী বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নড়াগাতী থানার ওসি হোসেন আলী।

হামলায় আহত এসআই মুরাদ হোসেন কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

পলাতক আসামি এসকেন শেখ (৩৫) পুটিমারী গ্রামের বাবলু শেখের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি এবং মাদকের ঘটনায় নয়টি মামলা রয়েছে।

ওসি হোসেন আলী বলেন, ঘটনার দিন সন্ধ্যায় নড়াগাতী থানার এসআই মুরাদ হোসেন ও হাসান পুঠিমারী থেকে এসকেনকে গ্রেপ্তার করেন। খবর পেয়ে এসকেনের স্বজন ও সহযোগীরা পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ তাকে ছিনিয়ে নেন।

হামলাকারীরা এসআই মুরাদের হাত, পিঠ ও ঘাড়ে লাঠি দিয়ে আঘাত করেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ওসি হোসেন আলী বলেন, ভাঙা হাতকড়াটি উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যা পর্যন্ত এসকেনকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। হামলার ঘটনায় করা মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।