১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কক্সবাজারের গহীন পাহাড় থেকে গুলিবিদ্ধ লাশ উদ্ধার

পুলিশ জানায়, রফিকের বিরুদ্ধে হত্যা, অপহরণ, ডাকাতি, অস্ত্র আইনসহ পাঁচটি মামলা রয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2024, 10:05 PM

Updated : 16 Jan 2024, 10:05 PM

কক্সবাজারের টেকনাফ উপজেলার গহীন পাহাড় থেকে গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার বিকাল ৫টায় উপজেলার হ্নীলা ইউনিয়নের আলিখালী এলাকার গহীন পাহাড় থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে টেকনাফ থানার ওসি মোহাম্মদ ওসমান গনি জানান।

নিহত মোহাম্মদ রফিক (৩২) হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে হত্যা, অপহরণ, ডাকাতি, অস্ত্র আইনসহ পাঁচটি মামলা রয়েছে।

স্বজন ও স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রফিক ৪-৫ দিন ধরে নিখোঁজ ছিলেন। তার প্রথম স্ত্রী রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের থোয়াইঙ্গাকাটা এলাকায় এবং ছোট স্ত্রী টেকনাফ উপজেলার মোচনী রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করেন।

রফিককে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি পরিবার। মঙ্গলবার বিকালে রফিকের দ্বিতীয় স্ত্রী এলাকাবাসীর কাছ থেকে গহীন পাহাড়ে গুলিবিদ্ধ এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকার খবর পান।

টেকনাফ থানার ওসি মোহাম্মদ ওসমান গনি বলেন, রফিকের স্ত্রী গিয়ে মরদেহ শনাক্ত করেন। পুলিশ লাশ উদ্ধার করেছে। 

“ধারণা করা হচ্ছে, রফিককে খুব কাছ থেকে গুলি করা হয়েছে। হয়তো তাকে তুলে এনে খুন করে লাশ ফেলে রেখে পালিয়ে গেছে খুনিরা। তবে কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত নয়। পুলিশ খোঁজ-খবর নিচ্ছে।”

ওসি আরও বলেন, “নিজেদের মধ্যে কোন্দল অথবা আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের হাতে রফিক খুন হয়ে থাকতে পারেন।”

“রফিক সংঘবদ্ধ ডাকাতদলের সদস্য। সাধারণ মানুষকে অপহরণ করে গহীন পাহাড়ে জিম্মি রেখে মুক্তিপণ আদায়ের সঙ্গে তিনি জড়িত ছিলেন। মুক্তিপণ দিতে অস্বীকৃতি জানালে খুন করে লাশ গুম করে ফেলতেন”, বলেন ওসি ওসমান গনি।

রফিকের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।