১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গোপালগঞ্জে বিয়ের দাবিতে ‘প্রেমিকের’ বাড়িতে স্কুলছাত্রী

বিয়ে না করলে প্রেমিকের বাড়িতেই আত্মহত্যার হুমকি দিয়েছে ওই স্কুলছাত্রী।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2023, 07:40 PM

Updated : 16 Jun 2023, 07:40 PM

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিয়ের দাবিতে কথিত প্রেমিকের বাড়ি গিয়ে অবস্থান নিয়েছে এক স্কুলছাত্রী। দাবি আদায় না হলে আত্মহত্যার হুমকি দেয় মেয়েটি।

‘সম্প্রতি কথিত প্রেমিক ও তার পরিবার অন্যত্র পাত্রী দেখার খবরে’ গত বৃহস্পতিবার সন্ধ্যায় মেয়েটি ওই যুবকের বাড়ি গিয়ে অবস্থান নেয়।

দশম শ্রেণি পড়ুয়া স্কুলছাত্রীটি জানায়, উপজেলা টুপুরিয়া গ্রামের ইব্রাহিম মোল্লা (২৫) নামের এক যুবকের সঙ্গে তিনবছর ধরে তার প্রেমের সম্পর্ক। ইব্রাহিম বিয়ের প্রলোভন দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে।

মেয়েটির উপস্থিতিতে ইব্রাহিম মোল্লা ও তার পরিবারের লোকজন বাড়ি থেকে পালিয়ে যান।

বর্তমানে ওই স্কুলছাত্রী ইব্রাহিমের চাচার ঘরে অবস্থান করছে।

ছেলেটির চাচি বলেন, “মেয়েটি দুই দিন ধরে আমাদের বাড়িতে অবস্থান করছে। তবে এই দুই দিনে সে কিছুই খায়নি। আমরা তাকে খাওয়ানোর জন্য অনেক চেষ্টা করেছি। এভাবে সে না খেয়ে থাকলে অসুস্থ হয়ে পড়বে। আমরা মেয়ের বাবাকে বলেছি, তিনি যেন তার মেয়েকে বুঝিয়ে বাড়ি নিয়ে যায়।”

মেয়েটির বাবা বলেন, “ইব্রাহিম মোল্লা যে কাজ করেছে তাতে সমাজে আমার মুখ দেখাবার অবস্থা নেই। আমি চাই, ইব্রাহিম আমার মেয়েকে বিয়ে করুক। না হলে আমি আইনের আশ্রয় নিব।”

ইব্রাহিম ও তার পরিবারের লোকজন পলাতক থাকায় এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি সদস্য মোকছেদ আলী শেখ বলেন, “বিষয়টি আমার জানা নেই। আমি জেনে সামাজিকভাবে ফয়সালার চেষ্টা করব।”