Published : 21 Oct 2022, 12:21 PM
কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি এক মাদক মামলার আসামি হাসপাতালে মারা গেছেন।
মো. কাউসার ওরফে শফিক (৫২) ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা গ্রামের মঞ্জু মিয়ার ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, “বুকে ব্যথা ও শ্বাসকষ্টের কারণে শফিক অসুস্থ হয়ে যান। সন্ধ্যায় কারারক্ষীরা চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসে।”
ময়নাতদন্তের জন্য শফিকের লাশ হাসপাতালের মর্গে রাখা রয়েছে বলে জানান পরিদর্শক বাচ্চু।
কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার হাসান মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, মাদক মামলার আসামি শফিককে গত বুধবারে ওই কারাগারে নেওয়া হয়েছিল। তার হাজতি নম্বর-৪৭৮৮৬।