Published : 09 Jan 2023, 03:31 PM
রাষ্ট্র, সরকার ও ধর্মবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গণঅধিকার পরিষদের সদস্যসচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে সিলেটে রাষ্ট্রদ্রোহের অভিযোগের আবেদন করা হয়েছে।
সিলেট কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কাহের জানান, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলার সাধারণ সম্পাদক ইমন আহমদ রোববার বিকালে থানায় এই আবেদন করেন।
পরিদর্শক বলেন, “নুরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন করা হয়েছে। মামলা রেকর্ড করতে হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন। বিষয়টি নিয়ে আলোচনা চলছে; অনুমতি পেলে রেকর্ড করা হবে।”
মামলার আবেদনে বলা হয়েছে, “নুরুল হক নুর দেশের বাইরে গিয়ে রাষ্ট্র, সরকার ও ধর্মবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন। নুর বাংলাদেশে ইহুদি চক্রান্ত বাস্তবায়নে মেতে উঠেছেন। হজ পালনের কথা বলে বিদেশ সফরে গিয়ে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফান্দির সঙ্গে বৈঠক করেছেন নুরুল হক। বৈঠকে তিনি বাংলাদেশের সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করেছেন।“
“বাংলাদেশ নিপীড়িত ফিলিস্তিনদের অধিকারের পক্ষে সব সময় থাকলেও ইসরায়েল ও মোসাদের সহযোগিতায় নুরুল হক ও তার রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ রাষ্ট্রের মধ্যে ঘৃণা, বিদ্বেষ ও বিশৃঙ্খলা সৃষ্টি করে বৈধ সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন; যা রাষ্ট্রদ্রোহের শামিল।”
এ বিষয়ে বাদী ইমন আহমদ সাংবাদিকদের বলেন, দেশপ্রেম থেকে তিনি নুরুল হক নুরের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন।