০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

উপাচার্যের আশ্বাসে ভাসানী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

আবাসিক হলে মানসম্মত খাদ্য, নিরাপদ পানি সরবরাহ ও ইন্টারনেট সেবাসহ ১৪ দফা দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2024, 05:55 PM

Updated : 28 Jan 2024, 05:55 PM

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ১৪ দিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাসে আন্দোলন সাময়িক স্থগিত করেছেন শিক্ষার্থীরা।

আবাসিক হলে মানসম্মত খাদ্য, নিরাপদ পানি সরবরাহ ও ইন্টারনেট সেবাসহ ১৪ দফা দাবিতে শনিবার বিকালে প্রথমে শেখ রাসেল হল, সন্ধ্যায় বঙ্গবন্ধু হল এবং রাতে মান্নান হলে তালা দেওয়া হয়। দাবি মেনে না নেওয়ায় শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনেও তালা দেন।

এ ছাড়া উপাচার্যের কার্যালয়ের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষকরা অবরুদ্ধ হয়ে পড়েন। রাতেই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্য ডক্টর ফরহাদ হোসেনের আলোচনা হয়।

সেখানে আগামী দুই সপ্তাহের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলে ভোরে তালা খুলে দিয়ে আন্দোলন সাময়িক স্থগিত করেন শিক্ষার্থীরা।

বঙ্গবন্ধু হলে ৪০০ জন, শেখ রাসেল হলে ৫৫০ জন এবং মান্নান হলে ৫০০ জন শিক্ষার্থী রয়েছেন।