Published : 18 Sep 2026, 01:22 PM
কুড়িগ্রামে ধরলা সেতুর ওপর একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে কুড়িগ্রাম সদর থানার ওসি কামাল হোসেন জানিয়েছেন।
নিহতরা হলেন- কুড়িগ্রাম সদর উপজেলার কাচিচর এলাকার নুর ইসলামের ছেলে খালিদ (২১) ও আফছারের ছেলে ফারুক (২৫)।
পুলিশ ও স্থানীয়রা বলছে, খালিদ ও ফারুক মোটরসাইকেলে করে কুড়িগ্রাম শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথে ধরলা সেতুর ওপর ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। পরে রংপুরে নেওয়ার পথেই দুজনের মৃত্যু হয়।
ওসি কামাল হোসেন বলেন, দুর্ঘটনার পর চালক বাসটি নিয়ে পালিয়ে যায়। বাসটিকে এখনও আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।