২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

‘চেয়ারম্যান হতি চাস, তোকে বানাচ্ছি’

আহত ৪৫ বছর বয়সী টুকুকে রোববার রাতে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2023, 02:58 PM

Updated : 04 Dec 2023, 03:04 PM

মাগুরা শ্রীপুর উপজেলায় ইউনিয়ন পর্যায়ের এক আওয়ামী লীগ নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সমর্থকদের বিরুদ্ধে।

উপজেলার লাঙ্গলবাধ বাজার এলাকায় রোববার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে গয়েশপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোরশেদ টুকুর উপর এ হামলা করা হয় বলে টুকু নিজেই অভিযোগ করেছেন।

ওই এলাকার কেরামত আলীর ছেলে ৪৫ বছর বয়সী টুকুকে রোববার রাতে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার বর্ণনায় টুকু জানান, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ও তার অনুসারীরা ইউসুফ নামের অন্য এক চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করেন; যা নিয়ে আব্দুল হালিম ও তার সমর্থকদের সঙ্গে তার বিরোধ ছিল।

এরই মধ্যে ২৬ নভেম্বর মাগুরা-১ আসনের প্রার্থী হিসেবে ক্রিকেটার সাকিব আল হাসানের নাম ঘোষণা করলে এলাকায় আনন্দ মিছিল করেন তিনি। পরে ওই ঘটনাকে ইস্যু বানায় ইউপি চেয়ারম্যানের সমর্থকরা।

টুকু আরও বলেন, “এরই জেরে রোববার সন্ধ্যায় লাঙ্গলবাধ বাজার কৃষি ব্যাংক এলাকা থেকে গ্রামে ফেরার পথে হালিমের সমর্থকরা আমাকে হাতুড়ি পেটা করে।

“হামলার তারা বলছিল, চেয়ারম্যান হতি চাস, এ কারণে মিছিল দিয়ে নেতা হওয়ার সুযোগ খুঁজতিছিস। তোকে নেতা বানাচ্ছি।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে গয়েশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হালিম বলেন, “আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। ঘটনার সঙ্গে আমি বা আমার দলের কেউ জড়িত নয়। টুকু ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ফলে এলাকার তার শত্রু থাকতেই পারে। ঘটনার তদন্ত করলে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে।”

এছাড়া নৌকার প্রার্থীর মিছিল বের করার কারণে তার উপর হামলা হয়েছে এ তথ্য সঠিক নয় বলে দাবি করে এ ইউপি চেয়ারম্যান বলেন, “আমার ইউনিয়নে এ ধরনের রাজনৈতিক অবস্থা নেই।”

শ্রীপুর থানার ওসি কাঞ্চন কুমার রায় বলেন, “গোলাম মোরশেদ টুকু নামে এক যুবক আহত হওয়ার ঘটনা শুনেছি। তবে এ ব্যাপারে এখনও লিখিত অভিযোগ পাইনি। ঘটনার তদন্ত করতে পুলিশ পাঠানো হয়েছে।”