Published : 29 Jul 2023, 09:05 PM
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপি ও পুলিশের সংঘর্ষের ঘটনায় আটক মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খানকে ছেড়ে দিয়েছে পুলিশ৷
শনিবার বেলা ১২টার দিকে সংঘর্ষের সময় সাখাওয়াতসহ কয়েকজনকে আটক করে পুলিশ। বিকালে তাকে ছেড়ে দিলেও আটক আছেন বাকিরা৷
আটকের পর জেলা পুলিশ সুপার কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ শেষে সাখাওয়াতকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা জানান৷
তিনি বলেন, “বাকি যারা আছেন তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে৷ তারা এখনও পুলিশি হেফাজতে আছেন।”
পুলিশ হেফাজতে এখনও অন্তত আটজন আছেন দাবি করে সাখাওয়াত বলেন, “সবাইকে ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন জেলা পুলিশ সুপার৷ কিন্তু বিকেলে শুধু আমাকে ছেড়েছে; বাকিরা এখনও আটক।
আটকদের মধ্যে সদর থানা বিএনপির আনোয়ার প্রধান, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাগর প্রধানও রয়েছেন৷
বিএনপি নেতা বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে মহাসড়কে অবস্থান নেওয়ার জন্য গিয়েছিলাম৷ এ সময় পুলিশ আমাদের ওপর চড়াও হয়ে লাঠিপেটা করে, আমাদের লক্ষ্য করে গুলি ও কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে৷
তিনি বলেন, তাকে বেধড়ক পেটানো হয়৷ ছাড়া পাওয়ার পর তিনি বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন৷ পুলিশের লাঠিপেটায় পায়ে গুরুতর আঘাত পেয়েছেন৷
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিতে গেলে বিএনপি নেতাকর্মীকে পুলিশ বাধা দেয়৷ বিএনপি-পুলিশের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে লাঠিপেটা শুরু হলে উভয়ের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়৷ এতে অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেন বিএনপি নেতারা৷
এদিকে সংঘর্ষে বিএনপির লোকজনের ছোড়া ইট-পাটকেলে পুলিশের তিন সদস্য আহত হন বলে জানান পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল ৷